: বাঞ্ছারামপুরে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যা করলো মেয়ে । রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)।
নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার জানান, সকালে আমার মা কাপড় সেলাই করেছিলো, তখন আমার বোন পাপিয়া এসে টাকা চেয়েছে, মা টাকা না দিলে কাপড় কাটার কেঁচি মা’র পেটে ঢুকিয়ে দেয়।
পপি আক্তার আরো জানান, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য আমাদের সকলকে বিভিন্নভাবে জ্বালাতন করতো। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিল পাপিয়া।
আইয়ুবপুর ইউপি সদস্য মো. সবুজ মিয়া জানান, তারা মা এবং মেয়েরা মিলে একই সাথে মাদক সেবন করতো। তাদের জন্য এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনের সাথে যুক্ত হয়ে পড়েছিল।
এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।