ডেস্ক : ঢাকার ধামরাইয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিয়েছে একটি বাস। এতে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের নাতিসহ আরও তিনজন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সটুরিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার পুত্রবধূ মরিয়ম আক্তার (২২)। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাবেয়া বেগম তার পুত্রবধূ মরিয়ম আক্তার ও নাতিকে নিয়ে ধামরাইয়ের কেষ্টি নওগাঁও গ্রামের আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে রওনা দেন। তারা বাসের জন্য ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় আরিচাগামী রবিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে পুত্রবধূ মরিয়ম আক্তারও মারা যান। ওই ঘটনায় আহত হন নিহত জাহানারার নাতি এবং জহিরুল ইসলাম নামে এক ভ্যানচালকসহ তিনজন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।