চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের বাজারসহ খাদ্যপণ্যের বাজারে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্তাবধানে জেলা শহরের পুরাতন বাজার ও নিউ মার্কেটে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কি না তা যাচাই করা হয়। মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না সে বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করছে কি না সে বিষয়েও খোঁজ খবর নেয়া হয়। এ-সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পুরাতন বাজার ও নিউমার্কেট এর ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। অপরদিকে
মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর জানান, পুরাতন বাজারে ভোগ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একটি মুদি দোকান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রত্যেককে প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।