মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক ও চোরাচালান দায়ে ৩ নারীসহ ৫ জনকে আটক করেছে । শনিবার ও রোববার টানা দুই দিনে সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট থানার ধলিহারের মোজাম্মেল হকের ছেলে জাকিরুল ইসলাম জনি (৩৩), হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর মাঠপাড়ার মিনহাজ সরকারের ছেলে একরামুল (৪৩), একরামুলের স্ত্রী রেবেকা(৩৬), কোরবানের স্ত্রী রিমা (২৬) এবং জয়পুরহাটের পাঁচবিবির উওর গোপালপুরের জাহিদুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৪০)।
শনিবার দিবাগত রাত ৪ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় সন্দেহ হলে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-২৩-০৬-০৯) তল্লাশি চালানো হয়। এসময় ওই কারের ড্রাইভারের সীটের পাশে বিশেষ কায়দায় রাখা ১৪০ বোতল ফেন্সিডিলসহ জাকিরুল ইসলামকে আটক করা হয়।
রোববার সকাল সোয়া ১০ টার দিকে সদরের পিটিআই মোড় এলাকায় ৩০ বোতল ফেন্সিডিলসহ রুবিনা বেগমকে আটক করে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেলের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ একরামুল, রেবেকা ও রিমাকে আটক করা হয়।
ডিবির ওসি আছলাম আলী জানান,৫ জনের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ফেন্সিডিল ও প্রাইভেট কার ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।