মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার:
গতকাল শনিবার রাজধানীর বাড্ডা এলাকায় এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র পক্ষ থেকে এ মানববন্ধন পালিত হয়। উক্ত মানববন্ধনের স্লোগান ছিল ‘ধূমপান মুক্ত স্বামী চাই’। এতে শতাধিক নারী অংশ নেয়। তাদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে প্রতিজন নারী যেন ধূমপান মুক্ত স্বামী পান। মানববন্ধনের আয়োজন করেন ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। মানববন্ধনে নারীদের পাশাপাশি অনেক সচেতন পুরুষও অংশ নিয়েছেন।
মানববন্ধনে অংশ নেয়া নারীদের দাবী ছিল, সংসারের কর্তা হলেন স্বামী। ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান করা মানে নিজেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। যা এক ধরনের আত্মহত্যা। শুধু শারীরিক অসুস্থতা নয়, ধূমপানের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হোন তারা। এমনকি ধূমপায়ীর পরিবারের সদস্যদেরও হতে হয় চরম ক্ষতিগ্রস্থ। এসব কারণে নারীরা ধূমপান মুক্ত স্বামী চান।
২০০৩ সালে ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ গড়ে তোলেন পুলিশের উপ-পরিচালক (এসআই) মো. শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম ১৯৯৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। বর্তমানে তার সংগঠনে সদস্য সংখ্যা ৩০ হাজারের ওপরে। বর্তমানে তিনি ডিএমপির বাড্ডা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।