মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে গরু বোঝাই ভটভটি উল্টে শাহিন আলম(২৮)নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাহীন আলম উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রনবীরবালা ঘাটপাড় বছির পাগলার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় ধুনট উপজেলার হাসখালী হাট থেকে ৭টি গরু বোঝাই ভটভটি(নছিমন)ও আরেকটি খালি ভটভটি পাল্লা দিয়ে শেরপুরের উদ্দেশ্য আসছিল। এসময় ভটভটি দুটি একে অপরকে ওভারটেকিং করার চেষ্টা করতে থাকে। তারা শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের কাফুড়া বছির পাগলার মাজার এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটি উল্টে গর্তে পড়ে যায়।
এতে গরু ব্যবসায়ী শাহিন আলম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিসেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরী করেছে পুলিশ। ভটভটিতে থাকা গরুগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ভটভটি পুলিশ হেফাজতে রয়েছে।