ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের ম্যাচের সূচিতে পরিবর্তন হতে পারে। মূলত ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দুপ্রধান দেশটিতে ওই দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।
ফলে একদিন পিছিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে পারে বিসিসিআই।
এ বিষয়ে এরই মধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্বান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্বান্ত নেওয়ার আগে আগামীকাল বিশ্বকাপ ম্যাচ আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সাথে বৈঠক করবে বিসিসিআই।
বিশ্বকাপের ঘোষিত সূচিতে ১৪ অক্টোবর ডাবল-হেডার (একই দিন দু’টি ম্যাচ) ম্যাচ রয়েছে। দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান এবং চেন্নাইতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। সূচিতে ছয় দিন দু’টি করে ম্যাচ থাকলেও, কোনো ট্রিপল-হেডার (একই দিন তিনটি ম্যাচ) ম্যাচ নেই।
৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের সাথে খেলা রয়েছে টিম ইন্ডিয়ার। পরবর্তীতে পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হায়দারাবাদে ১২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২০ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।
এ অবস্থায় দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলে, হায়দারাবাদ ও আহমেদাবাদের ম্যাচের মধ্যে মাত্র একদিন বিরতি পাবে পাকিস্তান। দু’দিন বিরতি পাবে ভারত।