মঙ্গলবার (১১ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
NATV 24 ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় মোহাম্মদ সাইমুন ওরফে মোহাম্মদ সাইমুন সাহিম (২২) নামের আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
দণ্ডিত আসামি ইসলামপুরের উত্তর নাপিতখালীর ছিদ্দিক আহমদের ছেলে। রায়ের সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। একই মামলায় আসামির মা, এক ভাইসহ ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক।
আসামির পক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার।
অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, ২০১৭ সালের ৫ ডিসেম্বর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের মধ্যম নাপিতখালী এলাকার অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীকে অপহরণপূর্বক দীর্ঘ ৮ মাস ধরে ঢাকার কামরাঙ্গী চরের একটি বাসায় আটক রেখে ধর্ষণ করেন মোহাম্মদ সাইমুন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।
বদিউল আলম সিকদার বলেন, ‘চাঞ্চল্যকর মামলাটির দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১) ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।’