ডেস্ক: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসর আয়োজনের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশে হতে যাচ্ছে বিশ্ব মঞ্চের এই ফুটবল যুদ্ধ। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই কাতারের রাজধানী দোহার আল বাইত স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্ব কাঁপানো জমজমাট এই লড়াইয়ের।
বিশ্বকাপ আয়োজনকে ঘিরে নানান তর্ক বিতর্ক থাকলেও মরুর বুকে বিশ্বকাপ আয়োজনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দেশ কাতার। আয়োজক দেশটি ধারণা করছে, প্রায় ১২ লাখ পর্যটক বিশ্বকাপের মহাযুদ্ধ দেখতে কাতারে ভ্রমণ করবে।
তবে বিশ্বকাপের ম্যাচ দেখতে তো আর সবাই কাতারে যেতে পারবেন না। ফলে টেলিভিশন কিংবা অনলাইনেই বিশ্বকাপের খেলা উপভোগ করবেন গোটা পৃথিবীর মানুষ। এবার কাতার বিশ্বকাপে ৫০০ কোটি মানুষ টেলিভিশন পর্দায় খেলা উপভোগ করবেন বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
বিশ্বমঞ্চে বড় বড় সব রথী-মহারথীদের মাঠের লড়াই দেখতে কমতি রাখছেন না ভক্ত সমর্থকরা। যার জন্য পিছিয়ে নেই টেলিভিশন চ্যানেলগুলোও। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন একটি চ্যানেলও খোলা হয়েছে। যাতে খুব সহজেই দেখা যাবে মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের মাঠের লড়াই। এছাড়া অনলাইনেও বেশ কয়েকটি প্লাটফর্মে সুযোগ মিলবে বিশ্বকাপের লড়াই দেখার।
কাতার বিশ্বকাপের ভারতীয় উপমহাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বহুজাতিক কোম্পানি রিলায়েন্সের ভায়াকম ১৮ মিডিয়া। গত এপ্রিল মাসে স্পোর্টস ১৮ নামে একটি চ্যানেলের যাত্রা শুরু করেছে তারা। যেটি ‘নেটওয়ার্ক 18’ এবং ‘প্যারামাউন্ট গ্লোবাল’ নামে দুই কোম্পানির অংশীদারিত্বে গঠিত হয়। তাতেই চার বছর পর সরাসরি বিশ্বকাপের মহারণ দেখা যাবে।
এরই মধ্যে স্পোর্টস ১৮ এর সঙ্গে চুক্তি করেছে বিভিন্ন কেবল অপারেটর। তাদের সাথে যোগাযোগ করে পেয়ে যেতে পারেন সেই চ্যানেল। ফলে ঘরে বসেই টেলিভিশনে উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
এছাড়াও কাজের ব্যস্ততা কিংবা পথে-ঘাটে আড্ডার মাঝেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। এজন্য কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব কিংবাদ স্মার্টফোনে প্লে-স্টোর থেকে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করলেই ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় দেখা যাবে বিশ্বকাপ। যার জন্য আবার কোনও খরচ দিতে হবে না গ্রাহককে।
আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। দোহার ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা বেষ্টিত আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করবে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব। এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপ রোববার (২০ নভেম্বর) শুরু হয়ে দোহার আটটি স্টেডিয়ামে ৬৪ ম্যাচের যুদ্ধ শেষে পর্দা নামবে ১৮ই ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায় খেলাগুলো শুরু হবে।