ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুরে শ্বশুরবাড়ির টয়লেট থেকে কমল কিসকু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) রাত ১১টার দিকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি আদিবাসী মার্কেট এলাকার সম কিসকুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে আসেন কমল কিসকু। সোমবার রাতে ঢাকা যাওয়ার কথা ছিল তার। তাই তিনি ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। এক সময় শ্বশুরবাড়ির স্বজনরা তার সেই ব্যাগটি বারান্দায় পরে থাকতে দেখে।
খোঁজাখুঁজির একপর্যায়ে একজন টয়লেট যাওয়ার জন্য টয়লেটের দিকে যায়। কিন্তু টয়লেটের দরজা বন্ধ পায়। দীর্ঘক্ষণ টয়লেটের দরজা বন্ধ থাকায় ও গেট ধাক্কাধাক্কি করেও সাড়া না পাওয়ায় টয়লেটের দরজা ভেঙে দেখতে পায় কমল কিসকুর ঝুলন্ত মরদেহ।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের কারণে কমল আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন শ্বশুরবাড়ির লোকজন।
কমল কিসকুর শ্বশুর বাপোই মার্ডি বলেন, চার বছর আগে আমার মেয়ে দিপালি মার্ডির সঙ্গে সম্পর্ক করে কমল কিসকু বিয়ে করেন। কিন্তু তাদের এই বিয়ে এখনো ছেলের পরিবার মেনে নেননি। সেই কষ্টেই হয়তো আমার জামাই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সদর থানার ওসি আতিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।