দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল বগুড়া দুপচাঁচিয়ায় গত রোববার (১৯ জুন) সকাল ১০.৩০ টার দিকে উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও দুপচাচিয়া সদর ইউনিয়ন এর পর পর তিন বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ (৭২) মৃত্যূবরণ করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুবরণকারী আব্দুস সামাদ দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর গ্রামের মৃত ফতে আলীর ছেলে।
পারিবারিক ও আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন আব্দুস সামাদ। রোববার সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকার বাড়ি থেকে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তারপরেও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। তবে তিনি স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
মৃত্যুকালে দুই স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যূর খবরে দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিক জীবনে আব্দুস সামাদ জাসদ, জাতীয় পার্টি এবং পরে মৃত্যূ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জনপ্রতিনিধি হিসাবে ৩ বার দুপচাঁচিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ১ বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাছাড়া দুপচাঁচিয়া পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ন হন তিনি।
দুই দফা জানাযা শেষে মরহুম আব্দুস সামাদ কে তার জন্মভূমি হাটসাজাপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।