ডেস্ক : মহানবী (সা.) সম্পর্কে ভারতে ক্ষমতাসীন বিজেপির এক নেত্রীর কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লি এবং কয়েকটি ইসলামি দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন মুসল্লিরা।
তারা বিশ্বনবী (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবিও জানান তারা।
এদিকে ইসলামি দলগুলোর বিক্ষোভ কর্মসূচি থাকায় সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। মসজিদের সব প্রবেশপথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুতি রাখা হয় জল কামান, সজোয়া যান।
ভারতে গত মাসে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় বিজেপির মুখপাত্র নুপূর শর্মা মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন। তার সেই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। কূটনৈতিকভাবেও বিপাকে পড়ে ভারত সরকার।
এর জেরে অবশ্য পরে নিজের বক্তব্য প্রত্যাহার এবং এ নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নূপুর শর্মা। চাপে পড়ে নুপূর শর্মা এবং আরেক নভিন কুমার জিন্দালকে বরখাস্ত করে বিজেপি।