দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের গাজী আবু সাঈদ শেখের ছেলে সোয়েব মাহমুদ(৪২) ও বগুড়ার খান্দার এলাকার সাহাদত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ(৪৮)। গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ৭টার দিকে বগুড়া হতে মোটরসাইকেলযোগে সোয়েব মাহমুদ ও সাখাওয়াত হোসেন পলাশ নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোয়েব মাহমুদ মারা যান। অপর গুরুতর আহত সাখাওয়াত হোসেনকে স্থানীয়রা দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, সোয়েব মাহমুদ বগুড়া এলজিইডি অফিসে ওয়ার্ক এ্যাসিস্ট্যাণ্ট পদে চাকুরী করতেন। সম্প্রতি নওগাঁর পোরশায় বদলী আদেশ হওয়ায় তার বন্ধু বগুড়ার রানা প্লাজার ইলেকট্রিশিয়ান সাখাওয়াত হোসেন পলাশকে সঙ্গে নিয়ে সেখানে যোগদান করতে যাচ্ছিলেন। পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ময়না তদন্ত ছাড়াই সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।