ডেস্ক : টিপকাণ্ডে দেশব্যাপী উত্তেজনার রেশ না কাটতেই টিপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন লিয়াকত আলী নামে সিলেটের এক পুলিশ কর্মকর্তা। ফেসবুক পোস্টে তিনি নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং টিপ ইস্যুতে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে নেতিবাচক কথা বলেন। অবশ্য এ পোস্ট ডিলিট করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে আপত্তিকর ওই পোস্ট দেখে ক্ষুব্ধ হয়েছেন সিলেটের সুশীল সমাজ। অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি ডিলিট করে দেন। যদিও তার আগেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তার নাম লিয়াকত আলী। তিনি সিলেট জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমি কথা বলেছি প্রতিবাদের ধরন নিয়ে। পুরুষ কপালে টিপ পরে প্রতিবাদ করবে কেন? মূলত এই বিষয়টিকে মানতে পারিনি বলেই এমন পোস্ট করেছি। ফেসবুকে দেওয়া পোস্টটি ডিলিট করেছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশের একজন কর্মকর্তার এমন মন্তব্যে হতবাক সিলেটের সুশীল সমাজ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, একজন পুলিশ সদস্যের এমন মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।