ডেস্ক: নতুন বছর উদযাপন করতে গিয়ে ফানুস ওড়ানোর কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে বারোটার পর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত সাতটি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর ও খিলগাঁওয়ে ঘটনাগুলো ঘটেছে।
তিনি আরো বলেন, আগুন লেগেছে বাসার ছাদ ও সড়কে উপরে ঝোলানো তারে। প্রতিটি ঘটনাতে দুটি করে ইউনিট পাঠানো হয়েছে। সবগুলো আগুনই নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত বড় কোনো অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। অধিকাংশ আগুনই ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে এসব অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন।