তানজিব জামান ব্রাহ্মণবাড়িয়া:
একটি মহল তাদের দলীয় স্বার্থে পূজায় গন্ডগোল লাগিয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেওয়া উপহারের দুইটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী বলেন, ‘একটি কুচক্রী মহল তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ, যা তদন্তে বেরিয়ে আসছে, সেটা চরিতার্থ করার জন্য পূজায় গন্ডগোল লাগিয়েছিল। কিন্তু সেটা এদেশের জনগণ গ্রহণ করে নাই।’
আইনমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাকে আশ্বস্ত করতে চাই- এই কসবা-আখাউড়ায় ৬৭টি মণ্ডপে পূজা হয়েছে এবং প্রত্যেকটায় শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৮০টি মণ্ডপে পূজা হয়েছে কোথাও কোন দুর্ঘটনা ঘটে নাই।”
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা লেখা আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবদীন, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মোমেন বাবুল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম,আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশনের সেক্রেটারি ফোরকান আহমদ খলিফা, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন , আখাউড়া উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ইয়াছিন আরাফাত, আখাউড়া পৌরসভার প্যানেল মেয়র এক ও দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাবুল মিযা।