মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎপৃষ্টে নিহতরা হলেন-রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) এবং তার ছেলে আব্দুল কাদের (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আব্দুল কাদের বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যায়। অন্ধকারে সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় মা আফরোজা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে খুঁজতে থাকেন। আব্দুল কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে স্পর্শ করতে গিয়ে আফরোজাও বিদ্যুতের তারে জড়িয়ে যান।
আফরোজার সঙ্গে থাকা নাতির চিৎকারে লোকজন ছুটে গিয়ে মা-ছেলের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রানিশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়। যেহেতু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।