মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় মিথ্যা অপহরনের নাটক সাজিয়ে পিতার নিকট থেকে দু’লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করার ঘটনায় পুলিশ ঐ অপহরন নাটকের অবসান করে কথিত অপহৃত পুত্রসহ দু’জনকে গ্রেফতার করেছন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া আযোজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য দিয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন বিপুল অংকের দায় দেনা পরিশোধ করতে বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামের মোঃ সিদ্দিক রহমানের পুত্র উক্ত রাসেল রানা তার সহযোগিদের সাথে নিয়ে অপহরন নাটক সাজিয়ে পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
এ ব্যাপারে বদলগাছি থানায় মামলা দায়ের হলে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় বুধবার রাতে উপজেলার পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে তথাকথিত অপহৃত রাসেল রানাকে উদ্ধার করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ জয়পুরহাট জেলা সদর থেকে এই ঘটনার মুল হোতা ফায়সাল আহম্মেদ ওরফে ফাহিমকে গ্রেফতার করে।