ডেস্ক: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও জালালাবাহিনীর প্রধান জালালসহ পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাছ ধরা ট্রলারসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
রোববার বেলা বারোটায় কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র থেকে তাদেরকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃত জলদস্যুরা হলো- তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান বলেন, জলদস্যুর জালালাবাহিনীর প্রধান জালালের নেতৃত্বে চারদিন আগে সাগরে একটি ট্রলারসহ জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করে। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে প্রায় তিনদিন যাবত অভিযান চালিয়ে রোববার বেলা বারোটায় জালালসহ পাঁচ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় দু’টি রামদা, একটি বল্লম, পাঁচটি লোহার রড ও পাঁচটি লাঠিসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।
দেশিয় অস্ত্রসহ আটককৃত আসামিরা।
আটককৃত তালেবালীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষ্মীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। এ ছাড়া এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে বলে জানিয়েছেন তিনি।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী বলেন, ট্রলার মালিকের সাধারণ ডায়েরির সূত্র ধরে প্রযুক্তির ব্যবহার করে ডাকাতি হওয়া ট্রলারসহ জলদস্যুদের আটক করা হয়।
এ ঘটনায় মহিপুর থানয় ট্রলার মালিক হারুন একটি ডাকাতি মামলা দায়ের করেছে। আটককৃত ৫ জলদস্যুকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।