ডেস্ক: বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে আল আমিন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে খবর পেয়ে মহানগর বিমানবন্দর থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর পুলিশ সন্দেহজনকভাবে আবাসিক হোটেল ‘শরিফ’র ম্যানেজার, যুবকের প্রেমিকাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের আটক করেছে। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, যুবক আল আমিন উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।
সকাল ১০টার দিকে ওই যুবক এক মেয়েকে সঙ্গে নিয়ে হোটেলটির চতুর্থ তলার ২০৮ নম্বর কক্ষে ওঠেন। কিছুক্ষণ পরে আল আমিন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন-এমন খবরের ভিত্তিতে মানিক, পারভেজ, সুজন, রাব্বি সেখানে হাজির হন।
এদিকে, হোটেল কক্ষে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে বিমানবন্দর থানা পুলিশও হাজির হয় এবং যুবকের লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
হোটেলের একটি সূত্র জানায়, যুবক হোটেল রুমের মধ্যে থাকলেও তার সঙ্গে আসা প্রেমিকা বাইরে অবস্থান করছিলেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, যুবক আল আমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও জানান, এই ঘটনাটি হত্যা না কি আত্মহত্যা, তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না। তদন্তের স্বার্থে প্রেমিকসহ পাঁচজনকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। পরবর্তীতে থানায় এনেও জিজ্ঞাসাবাদ করা হবে।