চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় নাসির (২৫) নামে ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে । মৃত নাসির গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুলের ছেলে।
স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি গন্তব্যস্থল রহনপুর স্টেশন যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকা যাদুপুর রেলক্রসিং পারাপারে সময় আটকে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নাসির (২৫) মারা যায়। এ দুর্ঘটনার সংবাদ পেয়ে রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।