চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মুকুল হত্যা (৩২) মামলায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন করেন আদালত। সোমবার দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন। তবে ৭ আসামির মধ্যে একজন পলাতক থাকায় বাকি ৬ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপির গঙ্গারামপুর গ্রামের মোঃ ডলার, মোঃ সুইট, মোঃ আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও নামোটিকরি গ্রামের বাহার আলী। এদের মধ্যে সুইট পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপির মুকুলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ সুইটদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে মুকুলকে কানসাট বিএন বাজারে সুইটের নেতৃত্বে বেশ কয়েকজন হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে ঘটনাস্থলে মুকুল মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা রবিউল ইসলাম ১২ জানুয়ারি বাদী হয়ে শিবগঞ্জ থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন ওসি (তদন্ত) চৌধুরী জুবায়ের একই সালের ১১ আগস্ট সুইটসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণাদী শেষে সোমবার দুুপুরে আদালতের বিচারক ওই ৭ জনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। এ মামলার অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।