মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জননেতা এম এ ভাসানীর সভাপতিত্বে ১৭ নভেস্বর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন।আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন রুহুল এম.পি, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, জননেতা এম এ জলিল, লায়ন গণি মিয়া বাবুল, মোঃ আনিসুর রহমান দেশ, বাবু অরুন সরকার রানা, ইঞ্জিনিয়ার ঊর্মি খানসহ প্রমুখ নেতারা। সভাপতির বক্তব্যে জননেতা এম এ ভাসানী বলেন, মাওলানা এম এ ভাসানী ছিলেন নেতার নেতা। যার কোন বিকল্প কিংবা বিতর্ক নেই। তিনি সারাজীবন ক্ষমতার বাইরে থেকে সাধারণ মানুষের তথা খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে হক ভাসানীর যুক্তফ্রন্টের বিজয় ৬৯ এর সফল গণঅভ্যূত্থান, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টাসহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন। বঙ্গবন্ধু ও আজকের জাতির পিতা এবং মাওলানা ভাসানী একে অপরের পরিপূরক ছিলেন। কাউকে বাদ দিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখা যাবে না। মাওলানা ভাসানীকে আমরা যত বেশি মুল্যায়ন করব, আমাদের জাতির পিতা তত বেশি মূল্যায়িত হবে। মাওলানা ভাসানীর অতীত কর্মকান্ড আজও জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে। সবাইকে মাওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।