মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : নারীদের উত্যক্তকারী, নির্যাতনকারী, ধর্ষণকারীদের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের শহীদ খোকন ও শিশু পার্কে এ সমাবেশ করেন। সারাদেশের মত বগুড়ায় এই সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর সঞ্চালনায় বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বক্তব্য রাখেন। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, যারা এতদিন নারীদের অসম্মান করেছেন, উত্যক্ত করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এবং ধর্ষণকারী বা ধর্ষণের মনোভাব রাখেন তাদের অশনী সংকেত জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাদের জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিট পুলিশিংয়ের এই সমাবেশের মাধ্যমে তাদের এই বার্তা জানানো হচ্ছে।ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। বর্তমান সময়ে নারীদের নির্যাতন প্রতিরোধে এমন সিদ্ধান্ত যুগোপযোগী। দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের মাঝে যে আওয়াজ উঠেছে তাতে একমত বাংলাদেশ পুলিশ। পাশাপাশি পরিবারদের তাদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে বলেন তিনি।
সমাবেশে উপস্থিত অতিথিরা বক্তব্যকালে তারা বলেন, দেশের আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করতে হবে।পরিবারদের সচেতনতা বাড়াতে হবে। আমাদের সন্তানেরা কোথায় যায়, কী করে এসব জানতে হবে। তাদের সাথে নৈতিকতা, নারীদের সম্মান করার বিষয়ে আলোচনা করতে হবে। এ সময় বক্তারা এমন সমাবেশ আয়োজন করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান।এ ছাড়া সমাবেশে বগুড়ার ১৩৩টি বিট পুলিশ অংশ নেন। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও সাংবাদিক মহলসহ পুলিশ লাইন্স স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।