natv 24 ডেস্ক : শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করোনাকালে তাদের বিদ্যালয়ে উপস্থিত না করতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার চরবংলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পতাকা দণ্ড মাথায় পড়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ডালিয়া আক্তার মৃত্যুবরণ করে। ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। প্রাথমিক শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত।
এ ধরনের অবহেলা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে বিদ্যালয়ে গমনের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে। এহেন পরিস্থিতিতে ঘটনার পুনরাবৃত্তি রোধে ঝুঁকি বিধয়ে অধিকতর সচেতন হওয়া ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এছাড়া করোনাকালীন ঊর্ধতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত করা যাবে না। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের দায় বহন করতে হবে।