natv 24 ডেস্ক: নিজের ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামের এক সন্ন্যাসীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম। মঙ্গলবার (৬ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর বাগডাংগীর দূর্গম পদ্মা চর এলাকা থেকে ২৫ ঘন্টা অভিযান চালিয়ে শরীফুলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নাটোরের বড়াইগ্রামে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।
শেখ নাজমুল আলম বলেন, কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ছয় দিন পূর্বে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছে। এ সময় বাড়িতে কোন লোকজন এলে মেয়েটির সাথে কাউকে দেখা বা কথা বলতে দেওয়া হতো না।
সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, নির্যাতনের পর মেয়ে তার দাদা-দাদীকে ঘটনা খুলে বলে। কিন্তু দাদা-দাদী মেয়েটি বলে, এই ঘটনা কাউকে না বলার জন্য। এক পর্যায়ে মেয়েটি তার নানীর সাথে যোগাযোগ করতে সমর্থ হয়। মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। নাটোরের বড়াইগ্রাম থানার মামলা নম্বর-২৩। মামলা হওয়ার পর অভিযুক্ত আত্মগোপন করে।
অবশেষে সিআইডির এলআইসির একটি চৌকস দল মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। শরীফুলের বিরুদ্ধে একই থানায় ২০১৫ সালের ২৪ আগস্টে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। শরীফুলকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।