মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে নওফেল নামের এক ব্যক্তিকে আটক করেছে।নিহত আব্দুল আলীম(২২) পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। তিনি কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আব্দুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথের মধ্যে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে আলীমের মাথায় আঘাত করে। তিনি চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলীমের লাশ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নওফেলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত আলীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।