মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার নন্দীগ্রামে ২৮শে আগষ্ট সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬) নামের পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, তুলাশন গ্রামের সোয়া দুই একর জায়গার বিরোধপূর্ণ একটি পুকুরে দীর্ঘদিন ঘরে মাছ চাষ করে আসছে একই গ্রামের শাহিন আলম নামের এক ব্যক্তি। এলাকাবাসীরা জানিয়েছেন, পুকুরের মাছ চুরি রোধ করতে সে রাতে পুকুরের পানিতে কাঁটা তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতো। শুক্রবার সকালে ওই গ্রামের দুই শিশু ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে বেঁধে রাখা নৌকায় উঠতে গেলে তারা পুকুরের পানিতে পড়ে যায়। ঐ দুই শিশুর পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন তাদের রক্ষা করার জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুতায়িত হন। পরে তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পানিতে নামলে ২জনই বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮নং ইউপি সদস্য ইউনুস আলী। লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান এবং নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।