মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলার দুর্গম চরাঞ্চল রক্ষায় নির্মিত নাটুয়ারপাড়া ক্রসবাঁধ চলমান
বন্যায় ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর কাজিপুর
উপজেলা সীমানায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে
প্রবাহমান পানির প্রবল স্রোতে বাঁধের সম্মুখভাগ ঝুঁকিপূর্ণ
হয়ে পড়েছে এবং গত শুক্রবার বাদ জুম্মা পাঁচ থেকে ছয় ফুট ধসে যায়।
এতে করে চরাঞ্চলের প্রধান হাট ও নৌঘাটসহ নাটুয়ারপাড়া, তেকানী,
ঘোড়াগাছা, রেহাইশুরিবেরের ঘর বাড়ী, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান,
ও গবাদি পশু এবং বসবাসকারী জনসাধারণ ঝুঁকির মধ্যে রয়েছে।
পাউবো সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী হায়দার আলী জানান,
জরুরী ভিত্তিতে বালু বোঝাই জিও ব্যাগ দিয়ে ক্ষতিগ্রস্ত অংশটুকুসহ
বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে ভাঙ্গন নিয়ন্ত্রনে আনা হয় এবং
সার্বক্ষণিক আমাদের নজরদারিতে রয়েছে। সংবাদ পেয়ে শুক্রবার ১৭ জুলাই
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ঝুঁকিপূর্ণ স্থান
পরিদর্শন করে দায়িত্বরত পাওবো কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ
আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান
করেন।