NATV 24 ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় আসামির হাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক এএসআই খুন হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আমির ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এ ঘটনায় আহত মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআইকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এসএসআই আমির। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের ওপর হামলা চালান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের (ইন্টারনাল হেমার্যাজ) কারণেই আমিরের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আসামি ধরতে যাওয়ার পর হঠাৎ করে ছুরিকাঘাত করেছে আসামি। এতে এসএসআই আমিরের মৃত্যু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে’।