এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
সোমবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪ টি নমুনার রিপোর্টে নতুন ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ২১ জন, শৈলকুপায় ৬ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কালীগঞ্জে ৬ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৬৮, শৈলকুপায় ৬৭, হরিণাকুন্ডুতে ১৯, কালীগঞ্জে ১৪৮, কোটচাঁদপুরে ২৬ ও মহেশপুরে ২৫ জন আক্রান্ত হয়েছেন।