এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের
মহেশপুর উপজেলার ভালাইপুর নামক স্থানে ট্রাক চাপায় লুৎফর রহমান (৫৫) নামে
এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার(১০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। লুৎফর রহমান ওই উপজেলার আলমপুর গ্রামের নিয়ত আলীর ছেলে ও আজমপুর ইউনিয়নের সদস্য ছিলেন।
মহেশপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, ইউপি সদস্য
লুৎফর রহমান ও সমাজকর্মী আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে মহেশপুর শহর থেকে
খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ভালাইপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক
তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা
যান। এ সময় আহত হন আবদুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে মহেশপুরে হাসপাতালে
ভর্তি করা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।