NATV 24 ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলমান লকডাউনে হঠাৎ কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের খাদ্য সহয়তা দেওয়ার জন্য ফের অর্থ ও চাল বরাদ্দ দিয়েছে সরকার। এই পর্যায়ে ত্রাণ হিসেবে বিতরণের জন্য আরও ছয় কোটি ৩০ লাখ টাকা ও নয় হাজার ৬৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই বরাদ্দের চিঠি ইস্যু করা হয়। দেশের ৬৪ জেলার প্রশাসকদের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়। সরকারের মানবিক সহায়তার এই বরাদ্দ তৃণমূল প্রশাসনের মাধ্যমেই দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।
নতুন বরাদ্দের এই অর্থের চার কোটি ৭০ লাখ ত্রাণ হিসেবে বিতরণ ও এক কোটি ৬০ লাখ শিশু খাদ্য কিনতে বলা হয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়েছে,সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করেন বিধায় জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।
ত্রাণ সামগ্রী হিসেবে শাকসবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারীকে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানোর অনুরোধ করা যেতে পারে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।
শিশু খাদ্য ক্রয়ের শর্তাবলীতে বলা হয়,জি টু জি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুড়া দুধ চলমান কাজে ত্রাণ সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুর ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে।
এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৭৮ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও এক লাখ ৪৩ হাজার ১১৭ টন চাল বরাদ্দ দেয়া হয়।