জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্ৰামের পিতা ও পুত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মুদিদোকানি বাবা রেফাজ উদ্দিন (৬০) ও পল্লী চিকিৎসক ছেলে মনিরুজ্জামান (৩০) গত ২২ তারিখ বুধবার ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়, উপসর্গ সন্দেহজনক হওয়ায় মনিরুজ্জামান স্বপ্রণোদিত হয়ে নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠালে ২৪ এপ্রিল শুক্রবার তাদের পাঠানো নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে রিপোর্ট আসে। তথ্য নিশ্চিত করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোমেনা পারভীন পারুল জানান, কাজিপুরে ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলার বাইরে থেকে আগত ১৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় নেয়া হয়, এরমধ্যে ৬৮ জন কোয়ারেন্টাইন মেয়াদ শেষ করেছে, ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এরমধ্যে ৯জনের রিপোর্ট এসেছে, সবগুলোই নেগেটিভ।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, পাশ্ববর্তী জেলাগুলোতে করোনা রোগী সনাক্ত হওয়ার সংক্রমণ রোধে জামালপুর জেলার সরিষাবাড়ী সীমান্তে মনসুর নগর সহ চরাঞ্চলের ৫টি ইউনিয়ন এবং বগুড়া জেলার ধুনট উপজেলা সীমানায় সোনামুখী ইউনিয়ন গত ৯ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। এমতাবস্থায় করোনা আক্রান্ত হওয়া আক্রান্ত ব্যক্তির অসতর্কতার ফল। কাজিপুরের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিষদ, প্রশাসন সর্বদা সচেষ্ট আছে। কাজিপুরে করোনা রোগীর সেবা ব্যবস্থা না থাকায় আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি’র সহায়তায় আক্রান্ত দু’জনকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকাস্থ মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।