রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার প্রতিক কুমার ঘোষ। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তার দেয়া অর্থায়নে শনিবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন আশরাফুল মেম্বর ও আব্দুল মান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।সামাজিক দুরত্ব বজায় রেখে উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণপুর ও লক্ষনদিয়া গ্রামের দিনমজুর, শ্রমিকসহ খেটে খাওয়া দেড় শতাধিক দরিদ্র পরিবারের এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো, ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি তৈল, ১ কেজি ডাল ও হাত ধোয়ার সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নানা পদক্ষেপে প্রান্তিক আয়ের মানুষ এখন অনেকটা বেকার হয়ে পড়েছে। এমন দু:সময়ে অভাবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রতিক কুমার ঘোষকে ধন্যবাদ জানিয়েছে। ঐতিহ্যবাহী শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘৯০ ব্যাচের ছাত্র ইঞ্জিনিয়ার প্রতিক কুমার ঘোষ করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি দরিদ্র যোদ্ধাদের দিকে শৈলকুপার পাইলট স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।