মুহাম্মদ আরফাত হোসেন- চট্টগ্রাম প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ভালোবাসার পোটলা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। শনিবার (১১ এপ্রিল) নগরীর এককিলোমিটারস্থ নূর নগর হাউজিংস্থ নাফিস স্টিলের কারখানা থেকে দুপুরে পোটলাগুলো ঘরে ঘরে পোঁছানোর কার্যক্রম শুরু হয়। মনিটরিং কমিটির মাধ্যমে হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলবে। ভালোবাসার পোটলা প্রেরণ প্রসঙ্গে ইসলামী ফ্রন্ট নেতা নঈমুল ইসলাম বলেন, মহান আল্লাহ আমাকে কিছুটা সামর্থ্যবান করেছেন। স্বল্প সামর্থ্য থেকে এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। সৃষ্টির সেবাই স্রষ্টা মিলে। আর ¯স্রষ্টার কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যম এটি। পোটলাগুলো প্যাকেটিং কাজ করছেন জনাদশেক লোক। তাদের নির্দেশনা ও দেখভাল করছেন নাফিস স্টিলের ম্যানেজার মুহাম্মদ ফোরকান। তিনি বলেন, আমাদের সাহেব বছরজুড়েই বিভিন্ন সেবাধর্মী কাজ করেন। ওনার এসব কাজের সাথে আমরা পরিচিত। তাই বন্ধের দিন হলেও সাহেবের সেবা উদ্যোগকে স্বাগত জানাতে ও বাস্তবায়ন করতে আমরা নিজ উদ্যোগে কাজ করতে চলে এসেছি। চট্টগ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ড ও হাটহাজারীর ইউনিয়ন গুলোতে ভালোবাসার পোটলাগুলো ঘরে ঘরে পৌঁছাতে সম্বনয়ের কাজ করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ ও উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। জনাসমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাছুমুর রশিদ কাদেরী বলেন, করোনার কারণে অনেক সচ্ছল পরিবারও কষ্টে দিনাতিপাত করছে। একসময়ের সচ্ছল পরিবারগুলো বিপদের এ মুহুর্তে আত্মসম্মানবোধের কথা চিন্তা করে সাহায্যও চাইতে পারছেন না। তাই আমরা তাদের কথা চিন্তা করে আমাদের সহায়তা কার্যক্রম ডোর টু ডোর করছি এবং ছবি সংস্কৃতির আওতামুক্ত রাখছি। অপরিকল্পিত উপায়ে সহায়তা কার্যক্রমের কারণে কোন পরিবার বারবার পাচ্ছে আবার কিছু একেবারেই পাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে পালন করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ আবদুল করিম সেলিম, মুহাম্মদ আবদুর রহিম,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ টিপু, নাফিস স্টিলের ম্যানেজার মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মুসা, নগর উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ বেলাল রেযা, খালেদ বিন জাহাঙ্গীর প্রমুখ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে ‘ভালোবাসার পোটলা’ উদ্যোগটি প্রকাশ্য-অপ্রকাশ্য ভাবে চলবে ও প্রয়োজনে সহায়তার আওতায় আরো পরিবারকে যুক্ত করার কথাও জানান ছাত্রসেনা নেতা গোলাম মোস্তফা।