শৈলকুপা থেকে রাকিবুজ্জামান জিহাদ : ঝিনাইদহের শৈলকুপায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই হয়েছে গেছে। এঘটনায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ীয়া গ্রামের পাটনি বাড়িতে। আহতরা হলো- ওই গ্রামের মৃত অশোক সরকারের ছেলে নিতাই সরকার, ছেলে বউ রুপা সরকার ও ছোট ছেলের বউ মিতু সরকার। আহতদের বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাটনি বাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলার খুলুমবাড়িয়া গ্রামের পাটনি বাড়িতে চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩জন আহত হয়েছে। এছাড়াও ১টি বসতঘর, ১টি রান্নাঘর, ১টি গোয়াল পুড়ে গেছে। বসতঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামালসহ ২টি গবাদিপশু আহত হয়েছে। এছাড়া ২টি গৃহপালিত ছাগল মারা গেছে। আগুনে আনুমানিক ৪লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।