সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাজারের বিভিন্ন ব্যাবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অংকের দাবি করার সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ধর্মপাশা থানা-পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও-গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মোজাক্কির হোসেন (২২) ও একই উপজেলার ইটখলা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সারোয়ার হোসেন (৩৫)।
ধর্মপাশা থানার এসআই আব্দুল আজিজ জানান, মোজাক্কির হোসেন ও সারোয়ার হোসেন নামে আটক ওই দুই ব্যক্তি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাছতলা বাজারের বিভিন্ন ব্যাবসায়ীর দোকানে গিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানে নিষিদ্ধ পলিথিন, হরমালিন যুক্ত খাদ্য ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার কথা বলে তারা ব্যাবসায়ীদেরকে ভয় দেখিয়ে তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেন। এসময় তাদের ডিবি পরিচয় দেয়ার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মনে সন্দেহ দেখা দেয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি নিজেদেরকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার বিষয়ে সত্যতা স্বিকার করেছেন। এসআই আব্দুল আজিজ আরো জানান, আটক ওই দুই ব্যক্তির নামে শুক্রবার সকালে থানায় একটি প্রতারনা মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।