ডেস্ক : সেনেগালের বাসিন্দা খাদিম এমবুপ। তিনি গ্যাস্টন বার্জার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গাঙ্গু ডিওম নামে এক তরুণীর সঙ্গে তার প্রেম। তাদের পরিচিতদের মতে, সম্পর্কের বয়স বেশ কয়েক বছর হয়েছে। তবে দুজনের মধ্যে মানসিক টান অত্যন্ত বেশি।
ওই ছাত্রের প্রেমিকা ইংরাজিতে ভালো নন। পরীক্ষায় বসলে নির্ঘাত ফেল করবেন বলে ভেবেছিলেন। তাই পরীক্ষায় বসার কথা ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, প্রেমিকার এমন বিপদে পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর খাদিম এমবুপ। অনেক ভাবনাচিন্তার পর নিজেই পরীক্ষায় বসবেন বলে স্থির করেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ঢুকতে ছলনার আশ্রয় যে নিতেই হতো তাকে। তাই তো নারীদের পোশাক, অন্তর্বাস, নকল চুল এমনকি মেকআপের সামগ্রীও কিনে ফেলেন তিনি।
এরপর খাদিম যা করলেন, তা জানলে অবাক হবেন। তিনি তরুণীর মতো সাজগোজ করে পরীক্ষাকেন্দ্রে চলে যান। এভাবে পরীক্ষাও দেন তিন দিন। শেষে শিক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়ে যান। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। শুধু তিনি নন, তার প্রেমিকাকেও আটক করা হয়। গত বৃহস্পতিবার তাদের তোলা হয় আদালতে।
পুলিশের দাবি, গোটা ঘটনাটি স্বীকার করে নিয়েছেন খাদিম। জানিয়েছেন, প্রেমিকাকে ভালোবেসেই এই কাজ করেছেন। তার স্বীকারোক্তিতে অবাক হয়েছেন তদন্তকারীরাও।