ডেস্ক:সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবেলা করা হবে, তাই সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, তাদের জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের এটি একটি চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন, এর নেপথ্যে যারা মদদ ও অর্থের জোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে।
ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, এ দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য সুদৃঢ়।