Exif_JPEG_420
মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে যৌতুকের দাবীতে স্বর্না খাতুন (১৮) নামের এক নববধূকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী খাইরুল অালম ও শ্বাশুড়ি নাদিরা বেগমকে আটক করেছে।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে স্বর্না খাতুন পাশের চাকলমা গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বর্না খাতুন তার স্বামীর বাড়িতে ঘর সংসার শুরু করে।
গত কয়েকদিন আগে থেকে স্বামীর বাড়ির লোকজন ৪ লাখ টাকা যৌতুক দাবি করে। রবিবার সকাল ৮ টার দিকে স্বর্নার বাবা মেয়ের বাড়িতে গিয়ে যৌতুকের বিষয়ে উভয় পক্ষের আলোচনার জন্য আগামী বুধবার দিন ধার্য্য করে বাড়ি ফিরে যান।
বেলা ১১ টার পর লোক মারফত জানতে পারে স্বর্না খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে তিনি মেয়ের বাড়ি গিয়ে তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি থানা পুলিশকে জানান। পরে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন বলেন, ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করছে তারা। ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান অাবুল কালাম আজাদ বলেন, আমি বিজরুল হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখতে পারি অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে সেই মেয়েটির।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, স্বর্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন দেখে মনে হচ্ছে আত্মহত্যা নয়। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।