মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে কুটিল চন্দ্র সরকার নামে এক শিক্ষক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে ।
জানা গেছে, উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তিনি। শিক্ষক কুটিল চন্দ্র সরকার (৭০) গত মঙ্গলবার সকালে পৌর শহরের কলেজপাড়া বাড়ি থেকে বাজারে বের হন। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। এর পর থেকেই আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।তাঁর ভাতিজা শ্যামল চন্দ্র সরকার বলেন, আমার চাচা একজন সহজ-সরল মানুষ। এলাকায় তার কোনো শত্রু নেই। সে নিখোঁজ হওয়ায় আমরা উদ্বিগ্ন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, শিক্ষক নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার খোঁজ পেতে প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে ।