মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক
আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মীসভায় তৃণমূল পর্যায়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ
প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক সদ্য প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র বড় ছেলে সাবেক
সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদী
অববাহিকার দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের ২নং ফুলজোড় ওয়ার্ড, ৪নং ঘোড়াগাছা ওয়ার্ডের নদী
তীরবর্তী স্থানে ও ৬ নং ওয়ার্ডের গুলেরমোড়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল
জয় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মরহুম দাদা ও পিতার মতো কাজিপুরবাসীর স্বপ্ন পূরনে সকল সময়ে নিজেকে
নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচনী এলাকায় প্রতিটি গ্ৰামের দুঃখী মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে
সর্বদা সচেষ্ট হয়ে নিয়োজিত থাকব। বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলিতে নৌকা প্রতীকের প্রতি কাজিপুরের
সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও দাবির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কাজিপুরের মাটি
থেকে শহীদ এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতা জন্মেছে, এই পবিত্র মাটি ও মানুষের
পাশে থাকার সুযোগ চাই। তিনি আরো বলেন, আমার বাবা বন্যা প্রাকৃতিক দুর্যোগের মতো করোনা
কালের শুরুতেও কাজিপুর বাসির পাশে ছিল। আমিও বাবার মত আপনাদের পাশে ছুটে গিয়েছি।
আপনাদের সমর্থন এবং ভালবাসায় আমিও কাজিপুরবাসির জন্য নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর
রহমান সিরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান
তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক
জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের
আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।