মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার বিএনপিকর্মী আপেল মাহমুদ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২০ জুলাই) ভোরে মোকামতলা এলাকা থেকে প্রধান আসামী রাব্বি ও রবিনকে গ্রেফতার করে। রাব্বি মহাস্থান মধ্যপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও রবিন একই এলাকার মজনু মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে সহকারী পুলিশ সুপার (সিআইডি বগুড়া) হাসান শামীম ইকবাল জানান, গত ২০ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আপেল মাহমুদ নিহত হয়। ঘটনার পরের দিন নিহত আপেলের ভাতিজা আফিজুল ইসলাম বাদী হয়ে বগুড়া থানার মামলা (নং ৭৫) দায়ের করে। মামলাটি অধিগ্রহণ করে তদন্ত কাজ শুরু করে সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে এসআই কেএম মাসুদ রানার নেতৃত্বে সিআইডি বগুড়ার একটি টিম অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
সিআইডি বগুড়ার এসআই কেএম মাসুদ রানা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মহাস্থানের কাছে চন্ডিহারা খোলাগাছির মোড়ের লিচুবাগানে আপেল মাহমুদকে ছুরিকাঘাত করা হয়। নিহত আপেল মাহমুদ গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আবদুল মান্নান ওরফে মান্না কসাইয়ের ছেলে।