শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে আকাশ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য তোরিকুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে ভিটাবাড়ি গ্রামের শফিকুল ইসলাম পিনুর ছেলে আকাশ পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে বলে ওই ইউপি সদস্য জানান।