NATV 24 ডেস্ক:বর্ষীয়ান রাজনীতিক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। তিনি জনগণের প্রিয় নেতা ছিলেন বলেই পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশর জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। দেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ নাসিমের নাম চিরভাস্বর হয়ে থাকবে।’
শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল আন্দোলনে বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে জাতি আজ সত্যিকারের নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হারাল, যা সহজে পূরণ হবার নয়।
নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। এক শোক বার্তায় দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
নাসিমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক জোটও শোক বার্তা জানিয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শোক বার্তায় জানিয়েছে, এদেশের মুক্তিযুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনে এবং বিশেষ করে ১৪ দলের সংগ্রাম-আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। বিএনপি-জামাতবিরোধী সংগ্রামে তাকে দৈহিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। একইভাবে ১/১১ সেনাশাসনে জেলাখানায় তার ওপর নিপিড়নের ফলে তাকে স্ট্রোকে আক্রান্ত হতে হয়েছিল। তারই পরিণতিতে আবারও স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। এই দুঃখ আমাদের রাখার জায়গা নেই। জাতীয় ঐক্যফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের ভুমিকা স্মরণীয় হয়ে থাকবে। জোটের নেতারা নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শোক বার্তায় শোক প্রকাশ করেছেন।
এছাড়া পৃথক শোক বার্তায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী শোক প্রকাশ করেছেন।