এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(০৪মে) রাতে সদর উপজেলার বকশিপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বকসিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে খলিল হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে খলিলের সমর্থক বিপ্লবের সাথে নাসিরের সমর্থক মাসুদ রানার বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।