ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে গুলিবিদ্ধ অবস্থায় অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুপাতো ভাই রাজিব সোনা-অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয়জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা আরও কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অনবরত হামলা চালিয়ে অন্তর ও রাজিবের পায়ে গুলি বর্ষণ করে। এরপর তারা সোনার অলংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া টিফিনবক্সটিতে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।