NATV 24 ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের এ দুর্যোগ মোকাবিলা করার মাধ্যমে দেশে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
তিনি বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে এখন পঞ্চাশ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরের চাল বিতরণ করা হয়। বছরে সাতমাস এই কার্যক্রম অব্যাহত থাকে। এর পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪২৭ এর প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় ড. হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তাসহ দেশের প্রায় ৬ কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় এনেছেন, সে বিষয়টি সিপিডি’র গবেষণায় প্রতিফলিত না হওয়ায় বিস্ময় ও দুঃখপ্রকাশ করেন।
একইসাথে তথ্যমন্ত্রী বিএনপি’র সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সম্পর্কে বলেন, তারা করোনা ভাইরাসের এ দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তার প্রতিযোগিতায় নেমেছেন।