ডেস্ক : এ বছর তুলনামূলক আগেই সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষত উত্তরবঙ্গে রাত থেকে ভোর অব্দি হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাস শীতল হতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশে পাশে তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশে পাশের এলাকা পর্যন্ত বিস্তৃত।
আজ রোববার সকালের ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নভেম্বরেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা আরও মনে করছেন, সেই লঘুচাপটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
জানুয়ারি শীতলতম মাস হলেও এবার সময়ের চেয়ে এগিয়ে চলেছে আবহাওয়াচক্র। ফলে নভেম্বরের মধ্যভাগের পরেই নামবে শীত। আর ডিসেম্বরের মাঝামাঝিতে জাঁকিয়ে বসবে। আগামী মাসের মাঝামাঝিতে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।